বৈদেশিক মুদ্রার লেনদেন, মানি এক্সচেঞ্জ ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স ইস্যু ও নবায়ন সংক্রান্ত বিদ্যমান সব নির্দেশনাবলী ও বিধিমালাকে একটি একক ফ্রেমওয়ার্ক বা নীতিমালার অধীনে এনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৯ অক্টোবর) জারি করা এক নির্দেশনামূলক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত প্রকাশ করে। মূলত আর্থিক খাতে স্বচ্ছতা বজায় রাখা, ব্যবসায়ীদের নীতি অনুপালন সহজ করা এবং নজরদারি জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন এই সার্কুলারে অথরাইজড ডিলার (AD), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার এবং স্বর্ণ আমদানিকারকদের লাইসেন্স প্রদান, নবায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, স্বর্ণ আমদানি-রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ (AML) এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে (CFT) সুনির্দিষ্ট বিধিনিষেধ অন্তর্ভুক্ত করা হয়েছে।

