চিপ ও সৌর প্যানেল তৈরির অন্যতম প্রধান কাঁচামাল পলিসিলিকন ও এ-সংক্রান্ত আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ এবং সর্বনিম্ন আমদানি মূল্য নির্ধারণ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক একটি তদন্তের ওপর ভিত্তি করে নেওয়া এই সিদ্ধান্তটি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
চীনের ক্রমবর্ধমান আধিপত্যের মুখে অভ্যন্তরীণ সেমিকন্ডাক্টর শিল্পকে সুরক্ষা দেওয়া, কর্মসংস্থান বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে পলিসিলিকন উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রণোদনা প্রদানই এই বাণিজ্য নীতির প্রধান লক্ষ্য।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সুপারিশে গৃহীত এই পদক্ষেপের মাধ্যমে অভ্যন্তরীণ পলিসিলিকন উৎপাদক প্রতিষ্ঠান হেমলক সেমিকন্ডাক্টর ও ওয়াকার কেমি লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন মনে করছে, কয়েক দশক ধরে বিদেশি সস্তা পণ্যের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রযুক্তি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানটির সরবরাহ শৃঙ্খল মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস অভিযোগ করেছে যে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে চীনা ব্যবসা ধ্বংসের চেষ্টা করছে ওয়াশিংটন। হিউম্যানয়েড রোবট ও ড্রোনের পর পলিসিলিকনে এই নতুন শুল্ক নীতি দুই পরাশক্তির বিদ্যমান প্রযুক্তিযুদ্ধকে আরও ঘনীভূত করবে।

