২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে ১৫,৭১৭ জন শিশু নিখোঁজের বিষয়ে তথ্য পেয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। তবে একই সময়ে নিখোঁজ শিশুদের মধ্যে ১৩,৬৭৯ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারে ফিরে এসেছে, যা মোট নিখোঁজের প্রায় ৮৭ শতাংশ। এখনও নিখোঁজ রয়েছে ২,০৩৮ জন শিশু, যা মোট সংখ্যার প্রায় ১৩ শতাংশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হালনাগাদ তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার্স। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের সংবাদ প্রকাশের পর জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। পুলিশ স্পষ্ট জানায়, প্রকাশিত প্রতিবেদনে উদ্ধার হওয়া শিশুদের তথ্য না থাকায় অসম্পূর্ণ চিত্র ফুটে উঠেছিল। অনলাইন জিডি ব্যবস্থা সহজ হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে নিখোঁজের তথ্য নথিভুক্তির হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, ০ থেকে ৯ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পরিচিত পরিবেশের বাইরে পথ হারানো বা ঠিকানা বলতে না পারা নিখোঁজের প্রধান কারণ। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে পারিবারিক অভিমান, পড়াশোনার চাপ, সোশ্যাল মিডিয়া বা সহপাঠীদের প্রভাব এবং স্বাধীনভাবে থাকার মানসিকতা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

