হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি দায়িত্ব পালনে বাধা, সংরক্ষিত এলাকায় অবৈধ ভিডিও ধারণ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্ধরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় এই মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ বিতরণে বিলম্ব ঘটার কারণে কাস্টমস ও লাগেজ বেল্ট এলাকায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
উচ্চপদস্থ কর্মকর্তার সাথে অসদাচরণ: পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। অভিযোগ মতে, সে সময় মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের সঙ্গে তীব্র অসদাচরণ করেন এবং তাকে মারধরের হুমকি দেন।
নিরাপত্তা কর্মীকে শারীরিক লাঞ্ছনা: বিমানবন্দরের সংরক্ষিত সংবেদনশীল এলাকায় ভিডিও ধারণ করতে গেলে সিকিউরিটি সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান উক্ত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
যাত্রীদের পানি ছুড়ে ফেলা ও মারমুখী আচরণ: এজাহারে আরও উল্লেখ করা হয়, জামায়াত নেতা উপস্থিত সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে আতঙ্ক সৃষ্টি করেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি কর্মচারীদের সাথেও মারমুখী আচরণ করেন।

