২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর হত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরে চালানো ওই অভিযানের ঘটনায় গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন শাখায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—
সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
রাজনৈতিক নেতা: আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, এবং যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মাহমুদ এস এম জাহিদ।
অন্যান্য ব্যক্তি ও সাংবাদিক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।

