মৈতালি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির প্রথম আনুষ্ঠানিক মিলন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সনি স্কয়ারের স্কাই লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির নয়জন সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মৈতালি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মোহাম্মদ শোয়েব স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পটভূমি, এর আদর্শ ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি নির্বাহী কমিটির সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আবু মোহাম্মদ শোয়েব বলেন, মৈতালির কার্যক্রমকে এগিয়ে নিতে নির্বাহী কমিটির সদস্যদের অভিজ্ঞতা, দক্ষতা, সময় ও নেতৃত্বের সমন্বয় প্রয়োজন। নেতৃত্বকে কার্যকর কর্মকাণ্ডে রূপ দেওয়ার পাশাপাশি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে নির্বাহী কমিটির সদস্যরা তাঁদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আলোচনায় মৈতালি ফাউন্ডেশনের সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে ফাউন্ডেশনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈতালি ফাউন্ডেশনের সহ-সভাপতি সুশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন খান, ট্রেজারার মোঃ সরওয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আব্দুল আওয়াল বিপ্লব, রশীদ মোহাম্মদ হারুন, খাইরুল আলম লিমন, অধ্যাপিকা রেণু আহমেদ ও মোহাম্মদ নাদিম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাতা সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে নির্বাহী কমিটির সদস্যদের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়।
মৈতালি ফাউন্ডেশন একটি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কল্যাণমূলক সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নির্বাহী কমিটির এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের অভ্যন্তরীণ সমন্বয় ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

