দেশের সামগ্রিক উন্নয়ন ও প্রগতিকে টেকসই করতে হলে রাজনীতিতে সৎ, যোগ্য ও ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, “বিগত ১৭ বছরে সমাজের অন্যান্য ক্ষেত্রের মতোই রাজনীতির নেতৃত্বেও এক বিশাল সংকট তৈরি হয়েছে। দেশের রাজনীতিতে এমন এক ধরনের অনাস্থার পরিবেশ গড়ে উঠেছে যে, বর্তমানে রাজনীতিবিদদের সন্তানেরাও রাজনীতিতে আসতে আগ্রহী নয়। কিন্তু আমাদের এটি উপলব্ধি করতে হবে যে দেশ গঠনের জন্য সুস্থ রাজনীতি চর্চা কতটা গুরুত্বপূর্ণ।”
বক্তব্যে ভালো নেতৃত্ব তৈরির গুরুত্ব বোঝাতে একটি ইংরেজি রূপক বাক্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘If you don’t have a good cook, you can’t have good food.’ অর্থাৎ, দক্ষ বাবুর্চি না থাকলে যেমন ভালো উপকরণ থাকা সত্ত্বেও সুস্বাদু খাবার তৈরি সম্ভব নয়; ঠিক তেমনি যোগ্য ও তরুণ রাজনীতিবিদ তৈরি করতে না পারলে অর্জিত উন্নয়নের কোনো স্থায়িত্ব থাকবে না। শুধুমাত্র অবকাঠামো নির্মাণ বা গ্যাস সরবরাহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করলেও, দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন মেধা ও নীতির ওপর ভিত্তি করে টেকসই উন্নয়ন।
এ সময় তিনি বর্তমান রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণ ও পরবর্তী প্রজন্ম যেন স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে আসতে পারে, সেই পরিবেশ ও পথ আমাদেরই তৈরি করে দিতে হবে।

