এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে বাংলাদেশ পুলিশের অধীনে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করে সর্বসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুসংহতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯’-এর অধীনে গঠিত র্যাব বিলুপ্ত করে নতুন এই ইউনিট গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সর্বসাধারণ ও অংশীদারদের মতামতের ভিত্তিতে খসড়া আইনটি পরিমার্জন করে অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পর এটি জাতীয় সংসদে বিল আকারে পেশ ও পাসের জন্য উত্থাপিত হবে।
উল্লেখ্য, ২০০৪ সালে শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ অপরাধী ও জঙ্গি দমনের প্রাথমিক লক্ষ্য নিয়ে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা করা হয়েছিল।

