দেশে জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্যে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) ৮ কার্গো এলএনজি, ৫ হাজার টন এলপিজি এবং ২০০টি ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে গ্যাসের জরুরি চাহিদা মেটাতে সরাসরি প্রক্রিয়ায় মোট ৮ কার্গো এলএনজি ক্রয়ের চারটি পৃথক প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এলপিজি বাজার স্থিতিশীল রাখতে স্পিড মার্কেটিং করপোরেশনের (স্পিড গ্রুপ) কাছ থেকে ৫ হাজার টন এলপিজি কেনা হবে।
বিআরটিসির জন্য ২০০টি ইলেকট্রিক বাস ও চার্জিং স্টেশন
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে ২০০টি ইলেকট্রিক বাস কেনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
নারী যাত্রীদের সুবিধা: ২০০টি বাসের মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস অন্তর্ভুক্ত থাকবে।
অবকাঠামো উন্নয়ন: বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন স্থাপন ও আনুষঙ্গিক পরিকাঠামো নির্মাণকাজও সরাসরি ক্রয়পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।
অনুদানের প্রস্তাব: ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে পরিবেশবান্ধব গণপরিবহন জোরদারে সম্প্রতি ১০০টি ইলেকট্রিক বাস ও ২৫টি চার্জিং স্টেশন স্থাপনে ৪০০ কোটি টাকার সরকারি অর্থায়ন/ইকুইটি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আলাদা প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন বিভাগ।

