বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সফল ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সার্জিও গর লেখেন:
“বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত ভালো লেগেছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সামনে বহু ইতিবাচক অগ্রগতি ও নতুন সম্ভাবনা অপেক্ষা করছে।
উল্লেখ্য, তিন দিনের এক গুরুত্বপূর্ণ সরকারি সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। ঢাকা সফর শেষে আগামী শনিবার দিল্লির উদ্দেশ্যে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

