‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে দারুণ প্রশংসিত হওয়ার পর আবারও নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে জুটি বাঁধছেন ঢালিউড চিত্রনায়ক শরিফুল রাজ ও অভিনেত্রী সাবিলা নূর। ‘কানাভুলা প্যারাডক্স’ নামের একটি ভিন্নধর্মী চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে দেখা যাবে তাদের।
সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে ২০২৪ সালে প্রকাশিত মোহাইমিনুল ইসলাম বাপ্পীর জনপ্রিয় উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে। প্রচলিত গল্পের কাঠামোর বাইরে গিয়ে সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক মনস্তাত্ত্বিক যাত্রায় দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এটি নির্মাণ করা হচ্ছে।
‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের পর এটি প্রযোজক তানিম নূরের নতুন প্রযোজনা। এই সিনেমার মাধ্যমেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। আগামী বছরের (২০২৭) শুরুতে শুটিং শুরু হয়ে সিনেমাটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে।

