ইসরায়েলের কারাগারে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বন্দি থাকা ফিলিস্তিনি রাজনৈতিক নেতা মারওয়ান বারঘুতির তাত্ক্ষণিক মুক্তির দাবিতে আন্তর্জাতিক প্রচারাভিযান ‘ফ্রি মারওয়ান নাও’ (Free Marwan Now)-এ যোগ দিয়েছেন মার্ভেল সিনেমা ও সিরিজের ২০ জনেরও বেশি বিখ্যাত তারকা। সংস্কৃতি, সংগীত ও সাহিত্য অঙ্গনের দুই শতাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্বের সমন্বয়ে এই বৈশ্বিক প্ল্যাটফর্মটি গড়ে উঠেছে।
সংগঠনটির দাবি, ২০২৩ সাল থেকে ৬৮ বছর বয়সী এই ফিলিস্তিনি নেতাকে একক কারাবাসে (Solitary Confinement) রেখে সহিংস নির্যাতন চালানো হচ্ছে এবং আইনি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। জাতিসংঘসহ বিশ্বনেতাদের প্রতি তার অবিলম্ব মুক্তির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এই জোট।
কারাগারে নিরাপত্তা উদ্বেগ: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নির্দেশে বারঘুতিকে রামন কারাগারে কঠোর নজরদারিতে একক কারাবাসে স্থানান্তর করা হয়। তার ওপর ক্রমবর্ধমান শারীরিক ও মানসিক নির্যাতনের খবরে ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ফিলিস্তিনের ‘ম্যান্ডেলা’ ও বৈশ্বিক প্রতিক্রিয়া: ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল নিরসনে সর্বজনগ্রাহ্য নেতা হিসেবে বারঘুতিকে মনে করা হয়। হলিউডের শীর্ষ তারকাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক অঙ্গনে তার মুক্তির দাবি নতুন রাজনৈতিক মাত্রা লাভ করেছে।

