প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক বা চূড়ান্ত তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করেন যে, এই সফরের বিষয়টি চূড়ান্ত হলে তা যথাসময়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এসব অবস্থানের কথা তুলে ধরেন।
সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গিসংগঠন আল-কায়েদার তৎপরতা সংক্রান্ত দাবির কড়া প্রতিবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি এই দাবিকে বিগত ফ্যাসিবাদের রাজনৈতিক ‘প্রোপাগান্ডা’ বা অপপ্রচারের অংশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের কাছে এই ধরণের কোনো নিরাপত্তার হুমকি বা তৎপরতার তথ্য নেই এবং এই বক্তব্যের পক্ষে কী তথ্য-উপাত্ত রয়েছে তা সরাসরি জাতিসংঘের কাছে জানতে চাওয়া হবে।
অন্যদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিয়ানমার জান্তা কর্তৃক দেওয়া প্রত্যাবাসনপ্রার্থীর সংখ্যার সঙ্গে বাংলাদেশ একমত হতে পারেনি। বিষয়টি ইতিমধ্যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বাংলাদেশ কোনো জোড়াতালির সিদ্ধান্ত না নিয়ে রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করে স্থায়ী প্রত্যাবাসন শুরু করতে চায় এবং এ উদ্দেশ্যে মিয়ানমারকে তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে।

