পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে বাংলাদেশে ফিরে হত্যা ও দুর্নীতিসহ তার বিরুদ্ধে থাকা সব মামলার বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। একই সঙ্গে দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলার আশা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এ প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে শ্রীলঙ্কা থেকে ফোনে এসব কথা জানান সাবেক এই অধিনায়ক।
সাক্ষাৎকারে সাকিব জানান, ২০২৪ সালের শেষের দিকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠলেও মাঝপথ (দুবাই) থেকে তাকে ফিরে যেতে বলা হয়। পরবর্তীতে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তার দেশে ফেরার আরেকটি উদ্যোগ ভেস্তে যায়।
বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে অবস্থানরত ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার জানান, তিনি অবিলম্বে দেশে ফিরতে চান এবং সরকারের সবুজ সংকেত ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হলেই আইনি লড়াই লড়তে বাংলাদেশে পা রাখবেন।

