নেপালে নতুন চলচ্চিত্রের চিত্রগ্রহণে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছেন টলিউডের বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপাল-চীন সীমান্তের রাসুয়া জেলায় আকস্মিক হরপা বানের ফলে বিস্তৃত এলাকা বিধ্বস্ত হয়েছে। এদিকে ধস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে স্থানীয় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাচ্ছে না।
তবে ঘটনা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন খরাজ মুখোপাধ্যায়ের পুত্র তমোঘ্ন মুখোপাধ্যায় (বিহু)। তিনি জানান, তাঁর বাবার সাথে তাঁর মা-ও সেখানে উপস্থিত রয়েছেন। আবহাওয়াজনিত কারণে ফ্লাইট পেতে কিছুটা অসুবিধা ও নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হলেও তারা শারীরিকভাবে সুস্থ ও নিরাপদে আছেন বলেই আশা করা হচ্ছে।
তমোঘ্ন মুখোপাধ্যায় জানান, গত পরশু মায়ের সঙ্গে তার কথা হয়েছিল, তবে গতকাল থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। নেটওয়ার্ক বিভ্রাটের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
যোগাযোগ ও আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলে এবং বিমান চলাচল স্বাভাবিক হলে তারা নিরাপদে বাড়ি ফিরবেন বলে আশা প্রকাশ করেছে অভিনেতার পরিবার।

