সম্প্রতি শারীরিক পরিবর্তন ও চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠায় বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর অগণিত অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও ঘিরে জোর জল্পনা শুরু হয়—তবে কি অসুস্থ ‘ভাইজান’? অস্বাভাবিক ওজন হ্রাস ও চেহারায় বয়সের স্পষ্ট ছাপ দেখে ভক্তদের মনে তাঁর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল।
এমন চর্চা ও উদ্বেগের আবহেই এবার নিরবতা ভাঙলেন স্বয়ং সালমান খান। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে উল্টো অনুরাগী ও শুভানুধ্যায়ীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এই তারকা।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে সালমানকে ক্যাপ ও হ্যাট পরা অবস্থায় এক গম্ভীর ও চিন্তাশীল মেজাজে দেখা যায়। সাদা-কালো আমেজের সেই ছবির ক্যাপশনে সালমান লেখেন,
‘আপ লোগো কি তবিয়ত ক্যায়সি হ্যায়?’ (বাংলা অনুবাদ: আপনারা সবাই কেমন আছেন?)
সালমানের এই সংক্ষিপ্ত বার্তা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। মন্তব্য ঘরে অনেকেই নিজেদের ভালো থাকার কথা জানানোর পাশাপাশি সালমানের নিজের শারীরিক খেয়াল রাখার প্রতি আকুল আবেদন জানান। তবে বিনোদন বিশ্লেষকদের অনেকের ধারণা, নিজের স্বাস্থ্য ও চেহারা নিয়ে চলতে থাকা গুঞ্জনের মাঝে ভক্তদের উল্টো এই প্রশ্ন ছুড়ে দিয়ে মূলত তাঁদের আশ্বস্ত করতেই চেয়েছেন এই বলিউড আইকন।
উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ে ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’ (SRA)-র একটি নতুন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন সালমান খান। সেখানে মাথায় ক্যাপ ও হালকা রঙের শার্ট পরা সালমানের যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, তাতে তাঁকে আগের মতো সুগঠিত ও প্রাণবন্ত দেখা যায়নি। প্রিয় তারকার এমন পরিবর্তন দেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা।

