বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে কেন্দ্র করে একটি বড় পরিসরের সুপারহিরো সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় নির্মাতা আর. বালকি। মেগা বাজেটের এই চলচ্চিত্রটি প্রযোজনা করতে যাচ্ছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা-র প্রতিবেদন অনুযায়ী, প্রজেক্টটি নিয়ে প্রযোজক ও পরিচালকের সঙ্গে আমির খানের প্রাথমিক পর্যায়ের আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে।
প্রতিবেদনে জানানো হয়, সিনেমাটির চিত্রনাট্যের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। গল্প ও সুপারহিরো ধারণার প্রাথমিক প্রস্তাব আমিরকে দেওয়া হলে তিনি এতে কাজ করার ব্যাপারে নীতিগত আগ্রহ প্রকাশ করেছেন। তবে চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়নি। সাধারণত আমির খান চিত্রনাট্য পুরোপুরি শেষ হওয়া না পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেন না; ফলে অভিনেতার নিজস্ব চিন্তাভাবনা ও ফিডব্যাক বিবেচনা করেই প্রজেক্টটির বিকাশ ঘটানো হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে এটিই হবে আমির খান, সাজিদ নাদিয়াদওয়ালা এবং আর. বালকির প্রথম যৌথ প্রয়াস। দীর্ঘদিনের বন্ধু হওয়া সত্ত্বেও সাজিদ ও আমির আগে কখনো একসাথে কাজ করেননি। অন্যদিকে চিহ্নি কম, পা, কী অ্যান্ড কা ও প্যাড ম্যান-এর মতো ভিন্নধর্মী ধারার চলচ্চিত্রের জন্য খ্যাত আর. বালকি ঐতিহ্যগত বলিউড ছকের বাইরে গিয়ে ভারতীয় চলচ্চিত্রে এক নতুন ধারার সুপারহিরো রূপায়ণ করতে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।
এর আগে ২০২৫ সালে তামিল পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে একটি প্যান-ইন্ডিয়া সুপারহিরো প্রজেক্ট নিয়ে কয়েক মাস আলোচনা চললেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। বর্তমানে আর. বালকির পাশাপাশি রেস ফোর প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে আমিরের। তবে অভিনেতার পরবর্তী নিশ্চিত কাজ হলো আশুতোষ গোয়ারিকরের লালকারা (১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ কেন্দ্রিক স্পোর্টস ড্রামা), যার শুটিং চলতি বছরের নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর রাজকুমার হিরানির বহুল প্রতীক্ষিত থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েলেও তাঁর যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

