জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। আলোচনায় মূল মনোযোগ ছিল বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর।
বৈঠকে উভয় নেতা আঞ্চলিক স্থিতিশীলতা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগ স্থাপন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে ভূ-রাজনৈতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন। বাংলাদেশ ও থাইল্যান্ডের যৌথ অর্থনৈতিক সম্ভাবনার সুযোগগুলো বাস্তবায়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর জোর দেন তারা।
দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তিনি সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

