রাজধানীর গণভবনে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সরেজমিনে পরিদর্শন করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দলিল, শহিদদের ব্যবহৃত সামগ্রী ও ছবি পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম।
জাদুঘরের গ্যালারি ও প্রদর্শনী কক্ষসমূহ পরিদর্শনের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিদর্শনের শেষ পর্যায়ে অশ্রুসজল চোখে রাষ্ট্রপ্রধান বলেন, “ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি। রাষ্ট্র কখনোই এই শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এ দেশে যেন আর কোনদিন এই ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে।” পরিদর্শন পর্ব শেষে রাষ্ট্রপতি জাদুঘরের আনুষ্ঠানিক পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া সকল সংগ্রামীর আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উচ্চপর্যায়ের এই রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালকসহ রাষ্ট্রপতির কার্যালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

