রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ‘পাইওনিয়ার বেস’-এর একটি অস্থায়ী ভবনে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনা ও চলমান কমিশনিং কার্যক্রম সম্পূর্ণ প্রভাবিত হয়নি বলে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই রূপপুর প্রকল্প ও স্থানীয় ফায়ার ব্রিগেডের অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তা সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাবপত্র, আনুষঙ্গিক ফাইল-ডকুমেন্ট এবং আইটি ও যোগাযোগ-সংক্রান্ত কিছু সরঞ্জাম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে, ক্ষতিগ্রস্ত সকল নথিপত্র ও তথ্যের পর্যাপ্ত ব্যাকআপ কপি প্রকল্প কর্তৃপক্ষের কাছে নিরাপদে সংরক্ষিত রয়েছে, ফলে অফিসিয়াল তথ্য সংরক্ষণ বা প্রকল্পের কমিশনিং কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ার সুযোগ নেই।
প্রাথমিকভাবে রুমের স্প্লিট টাইপ এসির ইনডোর ইউনিটের বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও বিষয়টি বর্তমানে তদন্তাধীন। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিরূপণ করতে প্রকল্পের অগ্নিনিরাপত্তা নীতিমালা অনুসরণ করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে পুরো বিষয়টি পর্যালোচনা করছে। অগ্নিকাণ্ডটি রূপপুরের মূল রিয়্যাক্টর কমপ্লেক্সের বাইরে একেবারেই প্রান্তিক একটি অস্থায়ী কাঠামোয় সীমাবদ্ধ ছিল বিধায় সাধারণ জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

