জোরপূর্বক শ্রমবিরোধী নীতি ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষিত এই নতুন বাণিজ্য নীতিমালায় দেশভেদে ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন শুল্ক কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। একই ক্যাটাগরিতে (১০% শুল্ক) রয়েছে—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান এবং ত্রিনিদাদ ও টোবাগো।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে পূর্বের বিদ্যমান শুল্কের সাথে সমন্বয় করে মোট ১০ অথবা ১২.৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
চীন, ভিয়েতনামী পণ্যসহ বাকি ৩৮টি দেশের ওপর সর্বোচ্চ ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েলও এই তালিকার বাইরে থাকেনি; তাদের পণ্যের ওপরও ১২.৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

