বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা গড়ে তোলার বিশাল শিল্প পরিকল্পনা ঘোষণা করেছে জাপানের বিশ্বখ্যাত অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটা তুশো করপোরেশন। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে টয়োটার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
টয়োটার এই ঐতিহাসিক বিনিয়োগের ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর, শিল্পায়ন এবং দক্ষ টেকনিশিয়ান গড়ে তোলার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
২০২৯ সালের মধ্যে দেশীয় হাইব্রিড গাড়ি : টয়োটা বাংলাদেশ লিমিটেড ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শন সামনে রেখে ২০২৭ সালে দেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (HEV) অ্যাসেম্বলিং ও ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু করবে। ২০২৯ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।
বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণ: দেশের গ্রাহকদের সেবা সহজলভ্য করতে টয়োটার বিক্রয় ও সেবা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সবকটি বিভাগীয় শহরে সম্প্রসারণের কাজ বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।
কারিগরি দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন: বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক মানের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্রদান, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অটোমোবাইল শিল্পের উপযোগী দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে টয়োটা কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।
বিনিয়োগবান্ধব পরিবেশ ও সরকারের আশ্বাস: টয়োটার বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি টয়োটাকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগের আহ্বান জানান।
উচ্চপর্যায়ের উপস্থিতি: বৈঠকে সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং টয়োটার পক্ষে মোবিলিটি ডিভিশনের সিইও শিগেলু হারাদা ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

