কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ্যে এসেছে। গত সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির’ নামের পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা যায়। এরপর তাঁরা ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন।
ওই পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইবি সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি মু. মাহমুদুল হাসানের সঞ্চালনায় ওই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলী আজম মো. আবু বকর।’

