হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে সন্ত্রাসী হামলা এবং পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য।
বুধবার (২৯ জুলাই) রাতে এক যৌথ বিবৃতিতে ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শেষ করে ফেরার পথে এনসিপির শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরে পরিকল্পিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
বিবৃতিতে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, মঙ্গলবারের হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বুধবার আবারও এনসিপির শীর্ষ নেতৃত্ব পুলিশি বাধার মুখে পড়েন। বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারির অজুহাতে আটকে দেয় পুলিশ।
পুলিশের এই ভূমিকাকে মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে তিনি বলেন:
“রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়ার স্থান গণতন্ত্রে উন্মুক্ত। কোনো বক্তব্যের সাথে দ্বিমত থাকলে তার রাজনৈতিক জবাব দিতে হবে, সহিংসতার মাধ্যমে নয়। সরকার রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে।”
বিবৃতিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা এবং গাড়িবহরে ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
একইসাথে ভবিষ্যতে বিরোধী দলের যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে অযাচিত বাধা প্রদান থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান জোটে নেতৃবৃন্দ।

