ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে জামানতের অর্থ ও নির্বাচনি প্রচারণার ব্যয়সীমা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি গ্যাজেট আকারে প্রকাশিত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬ (সংশোধনী)-তে প্রার্থীতার শর্ত, আচরণবিধি এবং ভোট গ্রহণ সংক্রান্ত বিধিতে একগুচ্ছ কঠোর পরিবর্তন আনা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান পদের জামানত ৫ হাজার টাকা থেকে ৫ গুণ বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সদস্য (মেম্বার) পদে ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ন্যূনতম ১৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার কঠোর বিধান রাখা হয়েছে, যা আগে ছিল ১২.৫ শতাংশ।
সংশোধিত বিধিতে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি খরচের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর সর্বোচ্চ সীমা ২ লাখ টাকা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের জন্য আলাদা তফসিলি ব্যাংক হিসাব খুলতে হবে এবং ২০ হাজার টাকার বেশি যেকোনো খরচ চেকে পরিশোধ করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান প্রার্থীদের দেশে-বিদেশের সম্পদের হিসাবসহ হলফনামা জমা দেওয়া বাধ্যবাধকতা করা হয়েছে।

