ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় ভিটেমাটি হারানো মানুষের সহায়তায় হাত বাড়িয়েছেন বলিউড তারকা সালমান খান। অলাভজনক সংস্থা ‘গ্লোবাল শিখস’-এর সঙ্গে যৌথভাবে বন্যাকবলিত পরিবারের জন্য ‘আশিয়ানা’ পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ৫০০টি বন্যা-সহনশীল আধা-পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা নিশ্চিত করে যে, প্রাথমিক ধাপে খাদ্যের মতো জরুরি ত্রাণ বিতরণের পর এখন দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ওপর গুরুত্ব দিচ্ছে সালমানের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’।
প্রতিবেদনে বলা হয়, অভিনেতা রণদীপ হুদা বন্যাকবলিত এলাকায় মাঠপর্যায়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে ত্রাণকাজে অংশ নিচ্ছেন—এমন চিত্র দেখে সালমান খান তার সঙ্গে যোগাযোগ করেন। রণদীপের মাধ্যমে গ্লোবাল শিখসের প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিংয়ের সঙ্গে কথা বলে দুর্গতদের আশ্রয়ের প্রয়োজনীয়তার কথা জানতে পারেন তিনি।
পরে গ্লোবাল শিখসের ৭০ জন স্বেচ্ছাসেবকের সঙ্গে যৌথভাবে ‘আশিয়ানা’ প্রকল্প চালুর ঘোষণা দেওয়া হয়। সালমান সংস্থাটিকে আশ্বস্ত করে বলেন, “আপনারা চিন্তা করবেন না।” ৫০০টি ঘরের নির্মাণ সম্পূর্ণ হলে শত শত পরিবার নিরাপদে নতুন করে জীবন শুরুর সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

