বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর তাঁর নতুন কাজ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন টু’ সিনেমার ‘ইয়ে আওয়ারাপন’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন এই প্রখ্যাত শিল্পী। আজ মঙ্গলবার (২১ জুলাই) গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র শিবমের আবেগ, একাকীত্ব ও অন্তর্দহন ফুটিয়ে তুলতেই মূলত এই গানটি তৈরি করা হয়েছে। ‘ইয়ে আওয়ারাপন’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আমাল মালিক এবং কথা লিখেছেন রশ্মি বিরাগ। কয়েক মাস আগে অরিজিৎ নতুন কোনো প্লেব্যাক প্রজেক্টে সই না করার কথা জানালেও প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগে চুক্তি করা গানগুলোর কাজ তিনি যথাসময়ে সম্পন্ন করবেন। ধারণা করা হচ্ছে, সেই পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
প্রযোজক বিশেষ ভট্টের সঙ্গে অরিজিৎ সিংয়ের পেশাগত রসায়ন দীর্ঘদিনের। ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার কালজয়ী ‘ফির মহব্বত’ গান দিয়ে এই জুটির পথচলা শুরু হয়। পরবর্তীতে ‘আশিকী টু’, ‘সিটিলাইটস’, ‘খামোশিঁয়া’ ও ‘হামারি আধুরি কাহানি’র মতো একের পর এক সুপারহিট সিনেমার গানে একসঙ্গে কাজ করে সংগীতাঙ্গনে ইতিহাস গড়েন তাঁরা।
নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপন টু’ সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটানি, শবানা আজমি, সুরিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। আগামী ১৪ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

