ইতালীয় বিলাস বহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির তৈরি প্রথম অল-ইলেকট্রিক মডেল ‘লুচে’ (Luce)-এর একটি বিশেষায়িত সংস্করণ নিলামে বিক্রি হয়ে বিশ্বরেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ঐতিহ্যবাহী ‘মন্টেরি কার উইক’-এ গাড়িটির প্রথম উৎপাদন সংস্করণ বা ‘চ্যাসিস জিরো’ (Chassis 0) রেকর্ড ৪ কোটি মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯২ কোটি টাকা) বিক্রি হয়।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক নিলামের ইতিহাসে এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ‘নতুন গাড়ি’ হিসেবে ইতিহাস গড়েছে ফেরারির এই বিশেষ বৈদ্যুতিক সুপারকার।
ইতালীয় ভাষায় ‘লুচে’ শব্দের অর্থ ‘আলো’। গত মে মাসে গাড়িটি উন্মোচনের পর প্রথাগত কৌণিক রূপ ছেড়ে অনেকটা ‘বুদবুদ’ আকৃতির ভিন্নধর্মী নকশার কারণে ব্র্যান্ড অনুরাগী ও ভক্তদের মধ্যে মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে নিলামের টেবিল সেই সব সমালোচনা উড়িয়ে দিয়েছে। বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান আরএম সোথবি (RM Sotheby’s) আয়োজিত এই দাতব্য নিলামে বিশ্বজুড়ে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে তুমুল প্রতিযোগিতা সৃষ্টি হয়।
গাড়িটির ভেতরের অংশে ‘পার্লা লে মানস’ ধাতব চামড়ার আসনসজ্জা এবং সাদা-কালোর সমন্বয়ে বিশেষ ডিজাইন ব্যবহার করা হয়েছে। নিলাম শেষে ‘চ্যাসিস জিরো’ মডেলটি মারানেলোর কারখানায় ফিরিয়ে নেওয়া হয়েছে, যা ২০২৭ সালের প্রথম ভাগে নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতার হাতে তুলে দেওয়া হবে।
এদিকে, সাধারণ ক্রেতাদের জন্য ৫ লাখ ৫০ হাজার ইউরো (প্রায় ৬ লাখ ৪০ হাজার ডলার) মূল্যের মানক ‘লুচে’ মডেলগুলোর উৎপাদন ও ডেলিভারি ২০২৬ সালের শেষ প্রান্তিক (চতুর্থ ত্রৈমাসিক) থেকে শুরু করবে ফেরারি।

