প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হয়েছে এবং এই সফরের মধ্য দিয়ে ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সরকারপ্রধানের চার দিনব্যাপী জাপান সফর সম্পন্ন হওয়ার পর শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ব্রিফিংয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সফরে ৬টি সমঝোতা দলিল (MoUs) স্বাক্ষরিত হয়েছে এবং ঘোষিত ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনায় জাপানের পক্ষ থেকে দ্রুতই একটি উচ্চপর্যায়ের ‘ইকোনমিক মিশন’ বাংলাদেশে পাঠানো হবে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের যে ঐতিহাসিক ৬.৩৫ বিলিয়ন ডলারের ঘোষণা এসেছে, তার বাস্তবায়ন ও খাতভিত্তিক সম্ভাবনা খতিয়ে দেখতে জাপান সরকার খুব শিগগিরই একটি বিশেষ ইকোনমিক মিশন বাংলাদেশে পাঠাবে।
জাপানের সাথে ‘বে অব বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ বেল্ট’ (Big-B) সংক্রান্ত আলোচনায় অন্য কোনো দেশের নাম বা ভূমিকা স্থান পায়নি। অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে তাদের প্রত্যক্ষ উপস্থিতিতেই বাংলাদেশ তা খোলাখুলি করবে বলে নিশ্চিত করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে বা দেশের ক্ষতি করে কোনো পরাশক্তি বা রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার।”

