অপপ্রচার, ধর্মীয় উগ্রতা ও বিভেদ সৃষ্টির সব চক্রান্ত নস্যাৎ করে দেশের তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার জোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২১ অক্টোবর) বঙ্গভবনের দরবার হলে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই দিকনির্দেশনামূলক বার্তা দেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগমও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, “কখনও কখনও গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা হয়। এসব অপচেষ্টার বিরুদ্ধে আমাদের দৃঢ় ও আপসহীন থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে।”
সব ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের ‘জাতীয় কমিটি’ গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান— আমরা সবাই এ দেশের নাগরিক। সংবিধান প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।”
বিশ্বের নানা প্রান্তে যখন যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক হানাহানি চলছে, তখন বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ উৎসব উদযাপনকে জাতীয় ঐক্যের মূল ভিত্তি হিসেবে অভিহিত করেন তিনি।
এর আগে বঙ্গভবনের দরবার হলে ‘হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’, ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ এবং ‘মহানগর সার্বজনীন পূজা কমিটি’র শীর্ষ নেতারা রাষ্ট্রপতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

