দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং পরিচালন ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে ৭ দফা দাবি জানিয়েছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি’। দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ ও ১৭ অক্টোবর ২০২৬) টানা দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে সংগঠনটি।
সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানায় ব্যবসায়ী সমিতি।
পরিবেশক কমিশন বৃদ্ধি: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লাইসেন্স ফি বৃদ্ধি, লোড-আনলোড এবং অলস সিলিন্ডারের লোকসানসহ সার্বিক ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) কর্তৃক পরিবেশকদের জন্য বর্তমানে নির্ধারিত ৫০ টাকা কমিশন বাড়িয়ে ১৫০ টাকা অথবা মোট মূল্যের ৭ শতাংশে উন্নীত করতে হবে।
বিইআরসির মাধ্যমে দাম সমন্বয়: যেসব গ্যাস বিপণন কোম্পানি মাসে একাধিকবার গ্যাসের দর সমন্বয় করে, তা অবশ্যই বিইআরসির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পরিচালনা করতে হবে।
অক্ষম কোম্পানির সিলিন্ডার রিফিল: সরবরাহ দিতে অক্ষম কোম্পানিগুলোর অলস সিলিন্ডার সরকারি উদ্যোগে বা সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে দ্রুত রিফিলের আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চালানে প্রকৃত মূল্য উল্লেখ: সরবরাহকারী কোম্পানি কর্তৃক প্রদত্ত চালানে অবশ্যই প্রকৃত বিক্রি দর/অরিজিনাল দাম স্পষ্ট উল্লেখ করতে হবে।
ন্যায্য পরিবহন ভাড়া নিশ্চিতকরণ: যেসকল কোম্পানি পরিবেশকদের গুদামে সরাসরি গ্যাস পৌঁছে দেয় না, তাদের পরিবেশকদের জন্য ন্যায্য গাড়ি ভাড়া বা পরিবহন খরচ নিশ্চিত করতে হবে।
পুলিশি হয়রানি বন্ধ: কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও কেবল পিকআপ বা ট্রাকের ‘রেলিং’ অজুহাতে ট্রাফিক পুলিশ কর্তৃক মামলা দেওয়া এবং অযাচিত হয়রানি বন্ধ করতে হবে।
ভোক্তা অধিকারের অনৈতিক জরিমানা বন্ধ: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিবেশক ও দোকানদারদের ওপর আরোপিত অনৈতিক ও অযৌক্তিক জরিমানা বন্ধের স্পষ্ট আইনি নিশ্চয়তা দিতে হবে।

