জাতীয় ও রাজনৈতিক ডেস্ক: বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষ ও অংশীজনদের সঙ্গে নিবিড় আলোচনার পরেই চূড়ান্ত সংবিধান সংশোধন করা হবে বলে সাফ জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জুলাই সনদে দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়ে বিরোধী দল কোনো পরিবর্তনের প্রস্তাব আনলে তাও আলোচনার টেবিলে স্বাগত জানানো হবে বলে জানান তিনি।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠকে সিনিয়র সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বৈষম্যবিরোধী জুলাই জাতীয় সনদ যেভাবে রূপায়ণ করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পর জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবার এবং জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও ঐকমত্য কমিশনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হবে।
বৈঠকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC)-এর চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, “স্বাধীনতার পর বিগত কয়েক দশকে বহুবার রাজনৈতিক প্রয়োজনে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে। এবার যেন জুলাই অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্থায়ী আইনি কাঠামো গড়ে তোলা হয়।”

