বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘদিনের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর, টেকসই ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কুয়েতের যুবরাজ (ক্রাউন প্রিন্স) শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কুয়েতের স্থায়ী মিশনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের মধ্যে আর্থিক ও কৌশলগত সম্পর্ক প্রসারের একাধিক ক্ষেত্র চিহ্নিত করা হয়। প্রধানত বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানি বৃদ্ধি, নতুন শ্রমবাজার উন্মোচন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমল থেকে গড়ে ওঠা কূটনৈতিক সম্পর্কের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, সেই সময় থেকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার যে মজবুত ভিত্তি স্থাপিত হয়েছিল, তা আজ আরও বিস্তৃত হয়েছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে দুই দেশের জনগণের যৌথ কল্যাণে এই সম্পর্ককে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সফর বিনিময় বাড়ানোর বিষয়ে উভয় নেতা একমত প্রকাশ করেন। একইসঙ্গে জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত বিনিয়োগ এবং কৌশলগত আঞ্চলিক সহযোগিতায় উভয় দেশ একসাথে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে।

