ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বিশাল দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধি করার জন্য নয়া দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে গভর্নর এই আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চপর্যায়ের এই বৈঠকে উভয়পক্ষ দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক জোরদার করার সুনির্দিষ্ট উপায় নিয়ে মতবিনিময় করেন।
গভর্নর বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর ওপর জোর দেওয়ার পাশাপাশি আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট বা লেনদেন ব্যবস্থায় ‘বাংলা কিউআর’ (Bangla QR) প্রযুক্তি সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ ক্ষেত্রে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যাংকিং অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়।
বৈঠকে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশে বৈদেশি সংস্থাসমূহের বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার গুরুত্ব তুলে ধরেন। এর জবাবে গভর্নর জানান, বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে বেশ কিছু যুগান্তকারী নীতিগত সিদ্ধান্ত নিয়েছে—যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা মূলধন ও অর্জিত মুনাফা আরও সহজে নিজ দেশে ফেরত পাঠাতে (Repatriation) পারবেন। গভর্নর বাংলাদেশের প্রযুক্তি, উৎপাদনশীল ও শিল্প খাতে অধিক হারে ভারতীয় বিনিয়োগের তাগিদ দেন।
বৈঠকে ভারতীয় উপহাইকমিশনার পবন কুমার, দ্বিতীয় সচিব গৌরব কুমার আগরওয়াল এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও মো. সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

