দেশের বেকারত্ব নিরসন এবং যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গভবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এই নির্দেশনা ও আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষাক্রমের খোঁজখবর নেন এবং কেরানীগঞ্জে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বাস্তব অগ্রগতি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে এবং গবেষণামুখী শিক্ষার পরিবেশ তৈরি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাগিদ দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করেন। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সাধারণ ডিগ্রির পাশাপাশি একাধিক ভাষায় দক্ষতা অর্জন করা অপরিহার্য। এ লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ ভাষায় দক্ষতা উন্নয়ন কোর্স চালু ও ‘তৃতীয় ভাষা’ শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করার কথা জানান তিনি।
সাক্ষাৎ শেষে উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

