জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযৌক্তিক ও অতিরিক্ত ফি আদায় বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষার্থীদের পকেট কেটে অতিরিক্ত ফি আদায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে মুনাফা অর্জনের বা আয় বাড়ানোর মাধ্যম বানানো কোনোভাবেই বরদাশত করা হবে না।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র শূন্য প্রতিশ্রুতি বা কথার ফুলঝুরি দিয়ে নয়, বরং বাস্তবমুখী শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে দেশের বেকারত্ব সমস্যা দূর করতে চায় বর্তমান সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কারিকুলাম সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার যে অবস্থা, তাতে সরকারের বিগত সাত মাসে রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়, তবে আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।”
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট সকল অংশীদারকে একসাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৩৭টি কলেজের মোট ৫৭ জন মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

