চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ‘সেলেটার জেট চার্টার’-এর একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
আইএসপিআর ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দুপুর নাগাদ তাকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। ক্যাপ্টেন মহিউদ্দিনের সফরসঙ্গী হিসেবে পরিবারের একজন সদস্য এবং সিএমএইচ-এর দুজন বিশেষজ্ঞ ফিজিশিয়ান রয়েছেন, যারা ফ্লাইট চলাকালীন তার জরুরি শারীরিক অবস্থার তদারকি করবেন।
উল্লেখ্য, গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই সৈনিক প্রাণ হারান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন।
পরবর্তীতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরাসরি চিকিৎসকদের কাছ থেকে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারকে সান্ত্বনা জানান এবং উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন।

