দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি বিদ্যমান পুরোনো গ্যাস ক্ষেত্রগুলোতে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান ‘শেভরন’-এর (Chevron) বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার (Javier La Rosa) নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি ও জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত কথা হয়। শেভরন প্রতিনিধি দল বাংলাদেশে নতুন অনুসন্ধান কার্যক্রমে মূলধন ও আধুনিক প্রযুক্তি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং (Shu Xiong) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

