রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবায় গাফিলতি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি স্পষ্ট জানিয়েছেন, “হয় আমি দায়িত্বে থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে— চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।”
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন জরুরি বিভাগ সরেজমিনে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি ভর্তি রোগী ও তাদের স্বজনদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় ভুক্তভোগীরা জরুরি প্রয়োজনে ডাক্তারদের না পাওয়া এবং দায়িত্বপ্রাপ্ত নার্সদের চরম অবহেলা ও সহযোগিতার ঘাটতি নিয়ে মন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন।
রোগীদের অভিযোগ শোনার পর তাৎক্ষণিক ব্যবস্থার আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে ইতোমধ্যে সরকার ৪ কোটি ভ্যাকসিন সংগ্রহ করেছে, যার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষায় আগামী শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করবেন।

