ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে চলমান বিলে জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর আলোচনাকালে বিএনপি সরকারের শাসননীতি, জ্বালানি সংকট ও রাজনৈতিক আচরণের তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সংসদে বক্তব্য প্রদানকালে রুমিন ফারহানা বলেন, “প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।” একই সাথে তিনি ব্যাংক খাতের প্রসঙ্গ টেনে বলেন, “বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না।”
রুমিন ফারহানার এই বক্তব্যের প্রতিবাদে সংসদ অধিবেশনের সরকারদলীয় বেঞ্চ থেকে তীব্র হইচই শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানান। এ পর্যায়ে রুমিন ফারহানা সরকারদলীয় এমপিদের উদ্দেশে বলেন, “এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। আওয়ামী লীগকে যখন বলতাম তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপির একই ধরনের আচরণ করছে, আরও খারাপ আচরণ।” একই সাথে তিনি সংসদের অধিকাংশ এমপিদের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তোলেন।

