ইতালির ভেনিসে অনাকাঙ্ক্ষিত হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা (Piazzale Roma) পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রক্রিয়াকালে তিনি প্রায় তিন ঘণ্টা পুলিশ স্টেশনে অবস্থান করেন। ঘটনার সময় ধারণকৃত ভিডিও চিত্রে যাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
আইনি পদক্ষেপ গ্রহণকালে অভিনেত্রীকে সহযোগিতার জন্য ইতালির মিলানস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের একটি প্রতিনিধি দল পুলিশ স্টেশনে উপস্থিত ছিল। এর আগে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে বাঁধন স্পষ্ট জানিয়েছিলেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে তিনি ভেনিস ত্যাগ করবেন না। একই সাথে তিনি নিশ্চিত করেন যে, সোমবার রাতের অপ্রীতিকর ঘটনার পর ইতালি পুলিশ প্রশাসন তাঁকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে। অভিনেত্রী বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন।
উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে ইতালিতে অবস্থান করছিলেন আজমেরী হক বাঁধন। সোমবার রাতে ভেনিসে অবস্থানকালে তিনি কতিপয় ব্যক্তির দ্বারা মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

