দেশীয় স্পিনিং ও টেক্সটাইল খাতকে সুরক্ষা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন (সুতি) সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারকদের ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখতে প্রযোজ্য শুল্ক-করের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার শর্তে এই সুতা আমদানির বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) এনবিআর থেকে জারি করা আদেশে জানানো হয়, ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে আগে যে শুল্কমুক্ত বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়া হতো, তা আর কার্যকর থাকবে না। নতুন নিয়ম অনুযায়ী, বন্ডেড লাইসেন্সধারী পোশাক রপ্তানিকারকরা নির্দিষ্ট শর্ত মেনে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এই কাঁচামাল আমদানি করতে পারবেন।
এই সুবিধার আওতায় সুতা আমদানির সময় সংশ্লিষ্ট রপ্তানিকারককে বিজিএমইএ (BGMEA), বিকেএমইএ (BKMEA) অথবা বিটিএমএ (BTMA)-র প্রদত্ত প্রত্যয়নপত্র কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। একই সাথে আমদানিকৃত সুতার ওপর প্রযোজ্য সব ধরণের শুল্ক ও করের সমপরিমাণ অর্থের ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জামানত রাখতে হবে। আমদানি করা সুতা দিয়ে পোশাক প্রস্তুত ও বিদেশে সফলভাবে রপ্তানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে জমা রাখা ব্যাংক গ্যারান্টি অবমুক্ত (Release) করা হবে। তবে আদেশ জারির পূর্বে যেসকল পণ্যচালান জাহাজীকরণ (Shipment) হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

