পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন এবং তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান। বেনজীর আহমেদ অন্য কোনো দেশে চলে গেছেন—এমন জল্পনা নিরসন করে প্রতিমন্ত্রী বলেন, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে যে বেনজীর আমিরাতেই অবস্থান করছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাঁর অন্য কোথাও যাওয়ার বিষয়ে অবগত নয়। প্রতিমন্ত্রী বলেন, “আমাদের অ্যাম্বাসি সতর্ক আছে এবং আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অনুরোধ জানানো হয়েছে যেন তাঁর ওপর নজর রাখা হয়।”
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো সরাসরি অপরাধী প্রত্যর্পণ (Extradition) চুক্তি নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চুক্তি না থাকলেও কূটনৈতিক চাপ অব্যাহত রাখা হবে। সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিগত ১৫ বছরের বিভিন্ন সহিংসতা, নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরে তিনি সংসদকে জানান যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকার বেনজীর আহমেদসহ বিদেশে পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

