রংপুর নগরীর দাসপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে শ্বাসরোধে হত্যার পর মরদেহগুলোর মুখমণ্ডলে দাহ্য পদার্থ ছড়িয়ে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে তালাবদ্ধ বাড়ি থেকে উদ্ধার করা মরদেহগুলোর ময়নাতদন্ত ও শেষকৃত্যের সময় মুখ ঝলসানোর বিষয়টি সামনে আসে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, গত বৃহস্পতিবার রাতে আসামিরা গণপতি চক্রবর্তীর তিনতলা বাড়ির ছাদে উঠে ইয়াবা সেবন করছিল। টের পেয়ে শিক্ষক ছাদে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। শব্দ পেয়ে একে একে এগিয়ে এলে তার স্ত্রী, মেয়ে এবং আসামি সিদ্ধার্থের পরিচিত পঞ্চম শ্রেণির ছেলে প্রীয়মকেও হত্যা করে তারা।
হত্যাকাণ্ড সংঘটিত করার পর আসামিরা ফ্রিজ থেকে খাবার খাওয়া, গোসল করা ও পুনরায় ইয়াবা সেবন শেষে পালিয়ে যায়। এ ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা আর্থিক লেনদেন জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

