‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর কোনো স্থাবর নিদর্শন ধ্বংস, বিনষ্ট, পরিবর্তন বা ক্ষতিসাধন করলে অপরাধীর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রেখে জারি করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’। বাসস সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নিদর্শন, স্মারক ও নথি সংরক্ষণ, প্রদর্শনী ও গবেষণার লক্ষ্যে গত ১০ এপ্রিল আইনটি প্রণয়ন করা হয়।
আইনে জাদুঘরের সুরক্ষা, নিদর্শন চুরি ও পাচার রোধ এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা নিশ্চিতে পৃথক ধারায় কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
আইনের ২৫ ধারায় উল্লেখ করা হয়েছে যে, জাদুঘরের কোনো কর্মকর্তা বা কর্মচারী এসব অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি শাস্তির পাশাপাশি বাধ্যতামূলক প্রশাসনিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে।
তবে কোনো মামলার বিচারিক কার্যক্রম আদালতে বিচারাধীন অবস্থায় থাকলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইনগত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

