আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে এখনো নিজেদের দলীয় ও জোটগত অবস্থান চূড়ান্ত করেনি ১১ দলীয় ঐক্যের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিজস্ব প্রার্থী দেওয়া, কাউকে সমর্থন করা কিংবা নির্বাচন বর্জনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য শনিবার (৮ আগস্ট) দলগুলো পৃথক ও যৌথ বৈঠকে বসছে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে যদি একক প্রার্থী থাকেন, তবে তাকেই বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। সংবিধান অনুযায়ী, কেবল জাতীয় সংসদের সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। বর্তমান সংসদে বিএনপি-র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

