তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনে ত্রুটির অভিযোগ এনে ‘কতিপয় ব্যক্তির’ সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্থাপিত অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরিমার্জন শেষে দ্রুততম সময়ে তথ্যচিত্রটি পুনর্প্রকাশ করা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচাল এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, তা বিবেচনার দাবি রাখে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা গণতান্ত্রিক রাষ্ট্রের অগ্রযাত্রাকে পুনরায় ব্যাহত করার শামিল। এ কারণে পুরো জাতিকে এ ধরনের হঠকারী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

