বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিবের পৈতৃক বাড়িতে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “কয়েকজন দুর্বৃত্ত বাড়িটিতে ইটের খোয়া নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন দেওয়ারও চেষ্টা চালায়।”
তবে স্থানীয়দের সতর্ক অবস্থান এবং দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার সাথে জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরিস্থিতির অবনতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার পর পরই বাড়িটির চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হন সাকিব আল হাসান। ওই অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণের খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মাগুরায় তার নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

