সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
এই কনসার্টে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর এবং নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। একক শিল্পী হিসেবে মঞ্চ মাতিাবেন আসিফ আকবর, র্যাপার সেজান, পারশা মাহজাবীন ও কাজী আহনাফ তাহমীদ।
এক ভিডিও বার্তায় শিরোনামহীন ব্যান্ড জানায়, “চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা আসছি। আপনারাও চলে আসুন। আমরা একসাথে গাইব আমাদের সম্মিলিত সাহস ও ভালোবাসার গান।” সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক মাধ্যমে ভক্তদের আহ্বান জানিয়ে লিখেছেন, “সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়… আসিফ আকবরের গানে মেতে উঠতে।”
আয়োজকদের ভাষ্য, মুক্তি, ঐক্য ও প্রতিবাদের যে চেতনা জুলাই আন্দোলনে জন্ম নিয়েছিল, সেই স্পিরিটকে গানের সুর ও ছন্দে উদ্যাপন করতেই এই উন্মুক্ত আয়োজন।
অন্যদিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় এই কনসার্টটি আয়োজিত হচ্ছে।
এখানে মঞ্চ মাতাবে খ্যাতনামা ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। দুপুর ১টায় দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং বেলা ৩টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ৯টা পর্যন্ত।
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, “জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ৫ আগস্টের তাৎপর্য মাথায় রেখেই আমাদের এই আয়োজন, যেন গানের মাধ্যমেই দিনটিকে সুন্দরভাবে পালন করতে পারি।” বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাই আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই এই উদ্যোগ এবং পুরো অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে গত মঙ্গলবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘সাউন্ড অব জুলাই’ শীর্ষক র্যাপ, গান ও কবিতার কনসার্ট অনুষ্ঠিত হয়। বিডিজবসের সহযোগিতায় জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্স এর আয়োজন করে।
বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে প্রদর্শিত হয় তথ্যচিত্র ‘জুলাই অনির্বাণ’। পরবর্তীতে মেটালিক এরর ব্যান্ড, বিইউএফটি কালচারাল ক্লাবের পরিবেশনায় নাটক ‘৩৬ জুলাই’ এবং কাজী আহনাফ তাহমিদ, হান্নান ও সেজানসহ একাধিক তরুণ র্যাপারের গান শ্রোতাদের মুগ্ধ করে।

