হলিউডের জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান আবারও বড় পর্দায় ফিরছে। বিশ্বজুড়ে আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (Spider-Man: Brand New Day)।
আন্তর্জাতিক মুক্তির ঠিক এক দিন আগেই সিনেমাটি দেখার সুবর্ণ সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। আগামী ৩০ জুলাই দেশের প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও নিয়মিত প্রদর্শনী শুরু হবে। গত সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
সিনেমাটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (MCU) ৩৮তম এবং একক স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি।
তারকা বহর ও নতুন চরিত্র
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। বরাবরের মতোই এতে স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের ভূমিকায় দেখা যাবে টম হল্যান্ডকে। তার সঙ্গে মূল চরিত্রে ফিরছেন জেনডায়া এবং জ্যাকব ব্যাটালন। এছাড়া সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হিসেবে হাল্ক চরিত্রে দেখা মিলবে মার্ক রাফেলোর।
পরিচিত মুখগুলোর পাশাপাশি নতুন কয়েকজন অভিনয়শিল্পীও যুক্ত হয়েছেন এই কিস্তিতে। এমজের (MJ) নতুন প্রেমিকের চরিত্রে দেখা যাবে ইমান এসফান্ডিকে। অন্যদিকে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ক অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে, যা নিয়ে সিনেমাটি ঘিরে ইতোমধ্যে স্পাইডার-ম্যান ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে।
যেখানে শুরু ‘ব্র্যান্ড নিউ ডে’
২০২১ সালের সুপারহিট সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার ঠিক চার বছর পরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে নতুন এই সিনেমার গল্প।
আগের সিনেমার শেষে ডক্টর স্ট্রেইঞ্জের মন্ত্রের প্রভাবে পৃথিবীর সব মানুষ পিটার পার্কারের স্মৃতি ভুলে গিয়েছিল। সম্পূর্ণ একা হয়ে যাওয়া পিটারের সেই নতুন জীবন সংগ্রাম, সুপারহিরো হিসেবে নতুন চ্যালেঞ্জ এবং অচেনা বিপজ্জনক শত্রুর মুখোমুখি হওয়ার রোমাঞ্চকর কাহিনীই এবার পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

